সুনামগঞ্জের তাহিরপুরে গুলি করে দুজনকে হত্যা মামলায় আব্দুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়াকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো আব্দুল মান্নান, ইনু মিয়া, বেনু মিয়া, হামদু মিয়া, আফজাল, জালাল, আব্দুন নূর, সবুজ, বাবুল, আলখাছ, বাদল, রহমত আলী, মনু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শামছুননাহার বেগম শাহানা রাব্বানী।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালে জেলার তাহিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মতিউর রহমান ও আরজান মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় তাহিরপুর থানায় ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আব্দুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়াকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া এ মামলায় আরো ১৩ জনকে খালাস দেয়া হয়।










