প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে তার আন্তর্জাতিক কর্মসূচি ও অর্জন থেকে জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই সফরের আগে ও পরে কিছু ঘটনা সাজানো হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আজ বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে কয়েকটি ঘটনাকে সামনে আনা হয়েছিল উল্লেখ করে রুমন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কিছু ঘটনা ঘটানো হলো। ঘটনাগুলো এমনিতেই ঘটেছে, সেটা আমি মানব না। আপনারা বুঝবেন, কেন এ কথা বলছি।
যুক্তরাষ্ট্রে সফল সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরও একই ধরনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন আতিকুর রহমান রুমন। যুক্তরাষ্ট্র সফরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারেক রহমান নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন জানিয়ে তিনি বলেন, আশা করেছিলাম, দেশে ফেরার পর আমাদের সাফল্য নিয়ে সংবাদ হবে, আলোচনা হবে। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটলো। আমি লক্ষ্য করলাম, টক শোগুলোর বেশিরভাগেই সেটিকে ঘিরেই আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, যারা আমাদের বিরোধিতা করছেন, তারা হয়তো এখনও সেই একই ফর্মুলা অনুসরণ করছে, যার মাধ্যমে বিগত সরকার দেশ পরিচালনা করেছিল।
রুমন জানান, প্রথমে কয়েকটি অনলাইন গণমাধ্যমে ঘটনাগুলো তুলে ধরা হয়। পরে বড় অনলাইন পোর্টাল, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোও সেগুলো প্রচার করে। এতে ঘটনাগুলো আরও বেশি মানুষের নজরে আসে। একটি উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কোনো সরকারকে তার কাজে বাধাগ্রস্ত করা হলে, সেই সরকারে সফলতা আশা করা যায় না। তার মতে, একজন মানুষকে নদী পার হতে বলে, যদি তার হাত-পা বেঁধে দেই, তাহলে সে কি নদী পার হতে পারবে? আমিও তো তা পারব না।
সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আতিকুর রহমান রুমন গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একটি ‘সুন্দর ও সভ্য বাংলাদেশ’ গড়তে চান।
রুমন বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সহযোগিতা করার জন্য আগেও বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি।’ তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী একটি সুন্দর ও সভ্য বাংলাদেশ গড়ে তুলতে চান। অনুগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করুন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির ও সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান উপস্থিত ছিলেন।










