রংপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় আরো ৯ জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রংপুর: কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল নাবিল পরিবহনের একটি বাস। গত বুধবার রাত ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কলোনিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলে একজন মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যান।
নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ (২১), জুনু মিয়া (২২) ও অটোরিকশাচালক রবিউল ইসলাম (৩০)। মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ: মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত রাতে উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ গঙ্গারামপুরের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৭) এবং একই গ্রামের ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।
সিনদিয়াঘাট পুলিশ এসআই মো. শওকত হোসেন জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে ঘুরতে বের হন। এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক হাফিজুল শেখ ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় ফায়েজুলকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে ও দর্শনা পুরাতন বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ দুর্ঘটনা দুটি ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (১০) বেলা ১১টার দিকে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় সে আহত হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইমরান খান (৩০) নামে এক যুবক মোটরসাইকেলে দর্শনায় যাচ্ছিল। এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল কাদের রাজা (৪৫) মোটরসাইকেলে দর্শনা পুরাতন বাজারে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক্টর তাদের ওপর দিয়ে চলে যায়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। ইমরান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
চট্টগ্রাম: রাউজানে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মাসহ চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে রাউজানের চারা বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ: ফতুল্লার কড়ইতলায় বাসের ধাক্কায় মো. মাজহারুল হক বাবলু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাবলু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পূর্ব নয়াকান্দি গ্রামে জাহেদ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে থাকতেন।
দিনাজপুর: হিলিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বসতবাড়ির ওপর গিয়ে উল্টে পড়েছে। এ সময় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে শিশু ও বৃদ্ধসহ একই পরিবারের তিনজন। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়েছেন। গত বুধবার রাতে হিলি স্থলবন্দরের সিপি রোডে দালাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা মিনারা বেগম (৫৫), তার মেয়ে সাদিয়া আক্তার মিম (১৫) ও শিশু আব্দুলাহ (৫) আহত হয়।
গাজীপুর: জেলার চান্দনা চৌরাস্তা মোড়ে কাভার্ড ভ্যানচাপায় বিআরটি প্রকল্পে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে জয়দেবপুর চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক লাবলু মিয়া (২৮) রংপুরের মিঠাপুকুর থানার শিবদেউলপাড়ার দুলা মিয়ার ছেলে।
টাঙ্গাইল : জেলার সখীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারচালক মিল্টন মিয়া (৩৮) নিহত হয়েছেন। গতকাল সকালে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন পাশের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মোতাহার মিয়ার ছেলে।
কুষ্টিয়া: কুমারখালীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের চড়াইকোল বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং বোর্ড অফিস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।










