চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীর বিষয়ে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমি প্রাণপণ চেষ্টা করছি অপহৃত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করার। এ বিষয়ে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া পুলিশসহ অন্যান্য বাহিনীও কাজ করছে। প্রার্থনা করি, তারা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে।’

গতকাল দুপুরে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যারা অপহরণ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, ‘আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করি। উদ্ধারের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

১৬ এপ্রিল চাকমাদের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থী ও গাড়িচালক অপহরণের শিকার হন। ঘটনার তিনদিন পরও তাদের সন্ধান মেলেনি।