যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। মৎস্য ঘের নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, যশোরের ডহর মশিয়াহাটী গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এ ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তরিকুল ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ছয় থেকে সাতজন দুর্বৃত্ত তরিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মিন্টু বিশ্বাসের বাড়ির লোকজনও পালিয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল), অভয়নগর থানা পুলিশ, ডিবি, স্থানীয় দুটি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।