মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনজমুর সাহাদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। সাহাদুল ইসলাম ওই গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে।

সাহাদুলের স্বজনরা জানান, বুধবার রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন। হঠাৎ ওই আগুন তার পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাহাদুলের শরীরের অর্ধেক দগ্ধ হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, ‘তার শরীরের অর্ধেক দগ্ধ হয়। চিকিৎসার জন্য সাহাদুলকে ঢাকায় নেয়া হয়েছিল।’