সুনামগঞ্জে হত্যা মামলার আসামি ইকবাল হোসেন (৩৫) কোর্ট হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এটিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকালে তাদের কোর্ট পুলিশ থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনসে যুক্ত হওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রত্যাহারকৃতরা হলেন কোর্ট পুলিশের এটিএসআই শাহ আলম, এটিএসআই মুজিবুর রহমান, কনস্টেবল জহির, কনস্টেবল মোসাব্বির, কনস্টেবল কোব্বাত আলী।
পুলিশ জানায়, গত বুধবার বেলা ১১টায় ২০১৭ সালের ১৩ জুন দায়েরকৃত স্ত্রী মনোয়ারা বেগম হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে কোর্টে হাজির করার জন্য জেলা কারাগার থেকে কোর্টে নিয়ে আসে পুলিশ। পরে বিকালে সব আসামিকে কোর্ট থেকে কারাগারে নিয়ে গেলেও সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ইকবাল।
এর আগে গতকাল সকালে এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েমকে প্রধান করে ও ডিআইওওয়ান আনোয়ার হোসেন মৃধা, শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমেদকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।










