ঝালকাঠির কাঁঠালিয়ার উপজেলায় বান্ধাঘাট পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাত সন্দেহে কামরুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্টাফরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আটক কামরুল ইসলাম নলছিটি উপজেলার আবদুস সালামের ছেলে।
কাঁঠালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান শাহিন হাওলাদার জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লেভেল ওয়ান তারের ড্রাম নেয়ার সময় আমরা শব্দ পাই। এ সময় আট-দশজনের একটি দলের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। পরে এখানকার সবাইকে ফোন করে আমরা ডাক-চিত্কার দিলে তারা পালিয়ে যায়। এ সময় কামরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। এরপর তাকে কাঁঠালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন বলেন, বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ অফিসের তার নেয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন অফিসের স্টাফরা। আটক যুবক আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।










