দুই হাত নেই। একটি পা অচল। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান (১৬)। কিন্তু এ প্রতিবন্ধকতা থামাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। সচল পা দিয়েই এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। পরীক্ষায় বসেছে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির ছেলে মানিক পা দিয়ে লিখেই জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
মানিক রহমান বলেছে, আমাকে নিয়ে বাবা-মা সবসময়ই দুশ্চিন্তায় থাকেন। আমি চেষ্টা করে যাচ্ছি। একইভাবে পরীক্ষা দিয়ে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।
মানিকের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের জন্য দুশ্চিন্তা হলেও লেখাপড়ায় তার খুব আগ্রহ। আমরাও তাকে সাহস দিয়ে যাচ্ছি। ভালো ফল করে সে যেন তার স্বপ্নপূরণ করতে পারে।
বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাসে তৈরি করি। যখন সে জেএসসিতে ভালো ফল করেছে, তখন থেকে তাকে নিয়ে গর্ববোধ করি। আমি আশা করছি, সে এসএসসিতেও ভালো ফল করবে।
এ বিষয়ে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সুপার মো. মশিউর রহমান বলেন, মানিক রহমান ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী। সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার এসএসসি পরীক্ষা আমরা গুরুত্বসহকারে নেয়ার ব্যবস্থা করেছি। তার লেখা দেখে বোঝার উপায় নেই সে যে পা দিয়ে লিখেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে সে ভালো কিছু করবে।










