ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সভায় সভাপতিত্ব করেন।
সিন্ডিকেট সভায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে রিপোর্ট দেয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।










