বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে জানানো হয়, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি।

ফলে এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে। ঈদ উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. কাউসার আহমেদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহুল আমিন, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসীর উদ্দীন, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জায়গায়ও আগামীকাল ঈদ উদযাপন করা হবে।