জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘যারা গণহত্যার আনজাম দেয়, দেশের মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, গণতন্ত্রকে লুণ্ঠন করে—এমন শক্তি কোনোভাবে গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী মানুষ ও দেশ কোনোভাবে ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেয়ার অধিকার রাখে না। আমরা মনে করি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদী শক্তি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না।’
গতকাল দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিলসহ তাদের দলের নাম ও প্রতীক নিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’
তিনি বলেন, ‘যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে।’
নির্বাচন নিয়ে আখতার হোসেন বলেন, ‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে শাসন কাঠামো পরিচালিত হবে—তা দেশের মানুষ চায় না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে।’










