জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম ও আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা রাজিবুল ইসলাম রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে নাদিমের এক সমর্থক আতিকুর রহমানকে রাজু গ্রুপের স্বরন খান তাদের অফিসের সামনে মারধর করে। এ ঘটনা কেন্দ্র করে রাতেই আলীপুর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গতকাল সকালে পুলিশ রাজুর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করেছে। অন্যদিকে চেয়ারম্যানের অফিসেও অভিযান চালিয়ে লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পুলিশ আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী রাজিবুল ইসলাম রাজু, বর্তমান চেয়ারম্যানের ছেলে নাফিম তালুকদারসহ আটজনকে গ্রেফতার করা হয়।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষের আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি। মামলা করা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










