রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্পূর্ণভাবে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ৪৪ (৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

পৃথক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং উহার কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এর আগে সব প্রকার দলীয় রাজনীতি বন্ধসহ ১২ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রুয়েট ভিসি বরাবর পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয়।