ফরিদপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু
আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন রোগী মারা গেছেন। একই সময় জেলার বিভিন্ন হাসপাতালে মশাবাহিত
এ রোগে আক্রান্ত হয়ে ২৬৮ জন ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মৃত্যুর
খবর নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.
এনামুল হক।
মৃত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার
আবুল কালামের স্ত্রী মরিয়ম বেগম (৪০) ও সদরপুর উপজেলার শেখ দলিল উদ্দিনের ছেলে শেখ
ইসহাক (৭০) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০)।
ডা. এনামুল জানান, ডেঙ্গু আক্রান্ত
হয়ে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মরিয়ম বেগম হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার
রাতে মারা যান তিনি। রুবিয়া বেগম শুক্রবার দুপুরে ভর্তি হন ও ওই রাতে মারা যান। শেখ
ইসহাক বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হন। তিনিও শুক্রবার রাতে মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর
রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৬৮ জন
রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা
নিচ্ছেন ৮২০ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৩৩৭ জন।
আরো জানান, ফরিদপুরের হাসপাতালে এ পর্যন্ত
মারা গেছেন ৩০ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ
জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৮ হাজার ১৬৩
জন। তাদের মধ্যে ৭ হাজার ৩৩১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।










