সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচ জেলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। গতকাল ও আগের দিন রাতে রাজধানীর কারওয়ান বাজার, নাটোর, টাঙ্গাইল, রাজবাড়ী ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ড ভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার রাতে কারওয়ান বাজারের বাটা শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান রাইন (২৬) নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। আহত সজিব ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তেজগাঁও থানার এসআই বাবর আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নাটোর: ট্রাকচাপায় দিদারুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। নিহত দিদারুল ইসলাম সদর উপজেলার পণ্ডিতগ্রামের হাঁড়িগাছা এলাকার বাসিন্দা।
টাঙ্গাইল: জেলার কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবীর (১৫) নামে আরেক আরোহী। গতকাল দুপুরে পৌরসভার চাটিপাড়া সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশানের ছেলে। আহত আবীরের বাড়িও একই এলাকায়। এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: ইঞ্জিনচালিত নসিমনের চাপায় মো. সজিব মোল্লা (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।
বগুড়া: বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোরে বগুড়ার দীঘলকান্দি মাঝিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।










