কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় দখলদার ও তাদের সমর্থকরা এতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান প্রতিহত করতে শহরের গুনগাছতলা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে, ঠেলাগাড়ি রেখে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটরও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা তাদের ঘিরে ধরে। এক পর্যায়ে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল অবরোধস্থলে গিয়ে প্রশাসনের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে সমাধানের আশ্বাস দিয়ে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ নেতৃত্বে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।















