সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই সন্তান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন  করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এ হত্যা মামলার একমাত্র আসামি তাঁত শ্রমিক আইয়ুব আলী ওরফে সাগরকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আইয়ুব আলী ওরফে সাগর জেলার উল্লাপাড়া উপজেলার নন্দিগাঁতী গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে।

গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।

তিনি বলেন, গত শনিবার বিকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের নিজ ঘর থেকে রওশন আরা (২৯), তার দুই ছেলে জিহাদ (১০) ও মাহিনের (৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় নিহত রওশন আরার ভাই নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন। এ হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। রোববার রাত সোয়া ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে থেকে আসামি আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা-ভাগনি। সাগর পেশায় একজন তাঁতি। বিভিন্ন এনজিওর ঋণের চাপে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ভাগনের বাসায় টাকা ধার চাইতে যান সাগর। এ সময় ভাগনি টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেন সাগর। গভীর রাতে চুরির একপর্যায়ে ভাগনি রওশন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শীল (পাথর) দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে গেলে তাদেরও হত্যা করেন সাগর। হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যান।