পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাসায় অগ্নিকাণ্ডে এক দম্পতি মারা গেছেন। আজ রবিবার ভোরে শহরের ৬ নং ওয়ার্ডের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান নিশ্চিত করেছেন।

মৃত দম্পতি হলেন- সাইফুল ও তার স্ত্রী মনি আক্তার। 

ইসমাইল হাওলাদার নামে স্থানীয় এক ব্যক্তি জানান, আ. বারেক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ৬নং ওয়ার্ডের পশ্চিম কলেজ পাড়া এলাকায় ইউসুফ আলীর বাসায় ভাড়া থাকেন। তিনি ভ্যানে করে পানি এনে বিভিন্ন দোকানে সাপ্লাই করতেন। আর তার ছেলে শহিদুল এবং সাইফুল অটোরিকশা চালান।  সাইফুল ৫ থেকে ৬ মাস আগে বিয়ে করেছেন। ঘটনার সময় তিনি তার স্ত্রীকে নিয়ে ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলেন। 

মঠবাড়িয়া দমকল বিভাগের স্টেশন অফিসার মো. সুমন মিয়া জানান, ভোর ৫টার দিকে ঘরটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ লাখ টাকা সমমূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।