রাজশাহী-৪ (বাগমারা) আসনের তিনটি কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোট কারচুপি ও পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ তুলেছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে বাগমারার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব অনিয়মের কথা জানিয়েছেন তিনি।
তিনি জানান, বাগমারার শ্রীপুরের রামগুইয়া, গোয়ালকান্দা ইউনিয়নের কনপাড়া হাইস্কুল ও গোয়ালকান্দা হাইস্কুল কেন্দ্রে কাঁচি প্রতীকের পুলিং এজেন্টদের মারধর করে বের করেছে নৌকার সমর্থক নেতাকর্মীরা। এছাড়া পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ইচ্ছেমতো নৌকায় সিল দেয়ার অভিযোগ করেছেন ওই প্রার্থী।
তবে গোয়ালকান্দা ইউনিয়নের কনপাড়ার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান কারচুপির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, কোনো অনিয়ম হয়নি। নৌকা ছাড়া অন্য কোন এজেন্ট কেনো ছিল কিনা না জানতে চাইলে তিনি বলেন, তারা কেউ-ই আসে নাই।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার মো. উজ্জ্বল হোসেনকে তার মুঠোফোনে একাধিকবার ফোন করার পর রিসিভ না করায় তাৎক্ষণিক তার কোন মন্তব্য পাওয়া যায়নি।










