চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তিগত বিরোধের জেরে আপন ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার মিঠুরকান্দি গ্রামে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারীর (৩০) সঙ্গে তার ভাই বোনদের পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে বেধড়ক মারপিট করে তার ভাই, বোন ও ভগ্নিপতি। এতে করে সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), আজিজ প্রধান (২৮), সিমা (৩০), রিনা আক্তার (৩৮) ও লিপি আক্তার ৩৫)।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।










