কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশে স্বাক্ষর করেছেন।

এর আগে, ২০২৪ সালের ১৯ মার্চ, সালাম মুর্শেদীর গুলশান-২ নম্বরে দখল করা বাড়িটি পরিত্যক্ত উল্লেখ করে ওই সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে, রায় পাওয়ার তিন মাসের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের মাধ্যমে তাকে ওই সম্পত্তি হস্তান্তর করতে বলা হয়।

ওই সম্পত্তি বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।