বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। আজ শুক্রবার দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হকের নেতৃত্বে সদরপুর এবং চরভদ্রাসন থেকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ-যুববিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক, সহ-দফতর সম্পাদক বিএম রায়হান, সদরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক জহুল ইসলাম আসলামসহ অনেকে।
শাহাজাদা মিয়া বলেন, কোনো বাধাই বিএনপির এই গণসমাবেশকে সরকার দাবিয়ে রাখতে পারবে না। শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন।
সাবেক সংসদ ইয়াসমিন আরা হক বলেন, সরকার বলেছিল তারা আমাদের সমাবেশকে সহযোগিতা করবে। তারা সহযোগিতা তো করেনি বরং তারা নাটকীয়ভাবে হরতাল ডেকে বাস-ট্রাক বন্ধ করে সমাবেশে বাধা দিচ্ছে।










