সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের নির্ধারিত কার্ডের বিনিময়ে ওপেন মার্কেট সেলসের ১০ টাকার চাল ওজনে কম দেওয়ায় আসাদুজ্জামান মোল্লা (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ২ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই নেতার ডিলার শিপও বাতিল করা হয়। দণ্ডিত আসাদুজ্জামান মোল্লা নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এ আদেশ দেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সেনাবাহিনীর সদস্যরা, ডিবি, খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, শাহবাদ ইউনিয়নের হতদরিদ্র মানুষকে ৩শ টাকার বিনিময়ে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয় ২৫ থেকে ২৬ কেজি। এসময় প্রশাসনের সদস্যরা বিষয়টি হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেখানে হাজির হয়ে এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।










