শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে হবে না, এ অঞ্চলের বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করতে হবে। বর্তমান সরকার ই-কমার্স প্লাটফর্ম উন্মুক্ত করার পাশাপাশি বেকারদের কল্যাণে প্রশিক্ষণসহ নানামুখী সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।

গতকাল দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পাহাড়ের বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং এসব স্কিমের কার্যক্রম বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘তিন পার্বত্য জেলায় নানা জাতিগোষ্ঠীর বসবাস। তাদের রংধনুর সাত রঙের মতো মিলেমিশে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে বোর্ডের ভূমিকা আরো জোরদার করা হবে। পার্বত্য অঞ্চলে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নসহ চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই উদ্দেশ্য নিয়ে ১৯৭৬ সালের ১৪ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন; সেই উদ্দেশ্য এবং স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।