পাবনার আতাইকুলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাপ প্রামাণিক (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আহত গোলাপ প্রামাণিকের মৃত্যু হয়। গোলাপ আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামাণিক ও একই এলাকার শাহাদত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার বিকালে শাহাদৎ ও তার সহযোগীরা গোলাপ প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। হামলায় গোলাপ প্রামাণিক, তার বাবা আব্দুল প্রামাণিক ও ভাই শুকুর প্রামাণিকসহ ছয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ প্রামাণিক মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।