রংপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর-পীরগাছা সড়কের মাহিগঞ্জের শরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুপুরে মাহিগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পীরগাছা যাচ্ছিল। এ সময় একটি ড্রাম ট্রাক পিছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। গুরুতর আহত অপর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আরো তিন যাত্রী আহত হয় বলে জানান ওসি। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরো জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।










