টাঙ্গাইলে একটি চলন্ত মাইক্রোবা‌সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে গা‌ড়ি‌তে থাকা তাবলী‌গের ১৭ যাত্রী প্রা‌ণে রক্ষা পে‌য়ে‌ছেন। এতে মাইক্রোবাস‌টি পু‌রোপু‌রি পু‌ড়ে গে‌ছে। 

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। 

গা‌ড়ির চালক নড়াইল জেলার রুখালী গ্রামের আব্দুর রউফ বলেন, ‘ঢাকা থেকে তাবলীগের ১৬ জন সাথীকে নিয়ে টাঙ্গাইলের মধুপুরের দি‌কে যা‌চ্ছিলাম। গাড়িটি (ঢাকা মেট্রো-চ-১৪৬৮) মহাসড়কের গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়ি থেকে গন্ধ বের হয়। এ সময় দ্রুত গাড়িতে থাকা সবাই নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।'

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।