নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে দুুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং সহকারীরা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে উপজেলার মাহমুদাবাদ গ্রামের নামাপাড়া এলাকায় পাথর ও টাইলসবোঝাই ট্রাকের মধ্যে। নিহত টাইলসবোঝাই ট্রাকচালক হলেন বগুড়ার শিবগঞ্জের বালিকান্দা গ্রামের আবু হাশেম (২১) ও পাথরবোঝাই ট্রাকচালক হলেন ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের মো. মফিজুল পাটোয়ারী (২৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে ও টাইলসবোঝাই ট্রাকটি কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে নামাপাড়া এলাকা অতিক্রমের সময় ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। গুরুতর আহত হন ট্রাক দুটির চালকের দুই সহকারী।
স্থানীয় লোকজন দুই সহকারীকে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চালকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজে যুক্ত হন রায়পুরা থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত দুই চালকের মরদেহ উদ্ধার ও দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ছয় মাসে ওই এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতাসহ অন্তত ১০ জন নিহত হয়েছিলেন।










