বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরের সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহ প্রকাশ করে ডব্লিউএইচওকে চিঠিও দিয়েছে বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ (পুতুল) আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে। যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।
সরকারের পক্ষ থেকে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তাও আমাদের জানাতে বলেছি।
গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ (পুতুল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, গণহত্যার অভিযোগ তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এর মধ্যে কিছু মামলায় সায়মা ওয়াজেদকে অভিযুক্ত করা হয়েছে।










