উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ শান্ত ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
শান্ত ইসলাম ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোজ্জামেল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৫ থেকে ১৬ জন মাদ্রাসাছাত্রের একটি দল ইনানী সৈকতে বেড়াতে যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামে। একপর্যায়ে ঢেউ ও স্রোতের টানে কয়েকজন শিক্ষার্থী ভেসে যেতে থাকে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে আসেন সৈকতে থাকা লোকজন। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ ছিলেন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










