রাজধানীর উত্তরা–পশ্চিম থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে উত্তরা–পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার ( ১৩ নভেম্বর) পুলিশের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুএ আদেশ দেন।
গত ২৯ অক্টোবর উত্তরা থেকে গ্রেফতার হন আবদুস শহীদ। আর ১৭ অক্টোবর আতিকুল ইসলাম মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন।
এদিন সকালেই কারাগার থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
অন্যদিকে, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।










