চট্টগ্রামের পটিয়া উপজেলায় মিনিবাসের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল
৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মনসার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার পশ্চিম
গোমদন্ডী এলাকার মো. মামুন (২২) ও একই এলাকার মো. ইমরান (১৬)।
পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)
আবদুর রশীদ জানান, একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে
এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা
করছি।
জানা গেছে, সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলেই
মোটরসাইকেল আরোহীরা মারা যান। যাত্রীবাহী বাসটি জব্দ করে নিহত দুজনের মরদেহ হাইওয়ে
থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে
থানা পুলিশ।










