মুন্সিগঞ্জের গজারিয়ার রসুলপুর খাদ্যগুদাম থেকে রাতের আঁধারে ২৫০ টন চাল সরিয়ে ফেলার অভিযোগে উপজেলা খাদ্য পরিদর্শক সৈয়দ সফিউল আজমকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।
সরিয়ে ফেলা চালের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গজারিয়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার পারভেজ বলেন, ‘এই উপজেলায় দায়িত্ব গ্রহণের পর গত ১৯ মার্চ আমি রসুলপুর গুদাম পরিদর্শনে যাই। এ সময় ৪নং ভবন পরিদর্শনের সময় মজুদ করা চালের পরিমাণ অনেক কম দেখতে পাই। মজুদকৃত চালের পরিমাণ ৪৩১ টন হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক কম পাওয়া যায়। বিষয়টি আমার সন্দেহ হলে খোঁজখবর নিয়ে নিশ্চিত হই এখান থেকে অধিকাংশ চালের বস্তা সরিয়ে ফেলা হয়েছে। গত ১২ মার্চ থেকে গুদামের হাজিরা খাতায় স্বাক্ষরও নেই। বিষয়টি লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার বলেন, ‘সদ্য যোগদান করা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লিখিত আকারে বিষয়টি আমাকে জানিয়েছেন। গুদামে মজুদকৃত চালের পরিমাণে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। গুদামের দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক সৈয়দ শফিউল আজমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’
গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’










