চট্টগ্রামের অসংখ্য লোকপ্রিয় আঞ্চলিক গানের স্রষ্টা, গীতিকার সৈয়দ মহিউদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর মির্জাপুল এলাকার বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মহিউদ্দিনের বয়স হয়েছিল ৭৭ বছর। গতকাল দুপুরে সৈয়দ মহিউদ্দিনকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হলে সেখানে বিভিন্ন সংগঠন তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে। বিকালে নিজ গ্রাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সৈয়দ মহিউদ্দিনের শিষ্য শিল্পী আলাউদ্দিন তাহের জানান, চট্টগ্রামের অনেক আঞ্চলিক গানের গীতিকার ছিলেন তিনি। যেগুলোর অনেক জনপ্রিয়তা এখনো আছে। ২০১৫ সালের ৪ ডিসেম্বর ডিসি হিলে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ ত্যাগ করার সময় পা পিছলে পড়ে গিয়ে বাম হাত ও বাম পা ভেঙে ফেলেন। এরপর আট বছর ধরে শয্যাশায়ী ছিলেন। ১২ মার্চ স্ট্রোক করে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। গতকাল সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।