পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ভূপেন্দ্রনাথ রায় পানিয়া (৪৪) নামে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৪৫ দিনে ৭০ জনের মরদেহ উদ্ধার হয়। গতকাল দুপুরে ঘটনাস্থল মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের মদন কুমার রায়ের ছেলে পানিয়ার বলে শনাক্ত করেছেন পরিবারের লোকজন। গতকাল সন্ধ্যার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে স্থানীয় কয়েকজন শ্রমিক করতোয়া নদীর আউলিয়ার ঘাটে পাথর ও বালি তুলছিলেন। এ সময় পাথর তোলার যন্ত্রে মরদেহটি বালির ভেতর থেকে ওপরে উঠে আসে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পোশাক ও পকেটে থাকা একটি মোবাইল ফোন দেখে মরদেহ শনাক্ত করেন।










