রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাজেকের মিডপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিতে  আরো একজন আহত হয়েছেন। গুলিতে নিহত মোটরসাইকেল চালকের নাম সুখেন চাকমা (২০)। সে সাজেকের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হল।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া দিকে যাচ্ছিলেন দুইজন মোটর-সাইকেল চালক। মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া যাওয়ার আধা কিলোমিটার পথেই পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল দুটি গতিরোধ করে। এসময় মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে সুখেন চাকমা (২০) ও একই গ্রামের মঙ্গল চান চাকমার ছেলে সজীব চাকমাকে (২১) লক্ষ্য করে গুলি করা হয়।এতে দুজনই গুরুতর আহত হন। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় সুখেন চাকমা মারা যায়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক বলেন, গুলিতে এক ব্যক্তি মারা গিয়েছেন। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়েছে।