সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা স্লুইচ গেইটের পূর্বপাশে পানি মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাঐতারা স্লুইস গেইট এলাকায় অজ্ঞাত ওই যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কিভাবে মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে সিরাজগঞ্জে আবু সায়েম (৩৬) নামে ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যানী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সায়েম কল্যানী গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন সায়েম। তিন-চার মাস পর পর ছুটি নিয়ে বাড়ি আসতেন তিনি। ঈদের ছুটিতে গতকাল শুক্রবার বাড়ি ফিরেছেন। রাতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে স্বাভাবিকভাবে ঘুমাতে যান তিনি। সকাল ৯টার দিকে তার স্ত্রী ঘরের দরজা খুলেই কান্নাকাটি শুরু করে। স্বজনেরা ঘরে গিয়ে বিছানায় সায়েমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘরে থেকেও তার স্ত্রী ও শিশু সন্তান অক্ষত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।
অপর দিকে হানিফ শেখ (৫৫) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হানিফ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান, হানিফ শেখ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির পিছনে একটি গাছের সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করনে। শনিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরর্দিশন শেষ স্বজনদরে কাছে মরদেহ হস্তান্তর করা হয়ছে।










