দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হলো। আর হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ জন। সবমিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের, বাকি ১ জন ময়মনসিংহ বিভাগের।
এছাড়া, এ সময় সারা দেশে আরো ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।










