কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহকে হত্যার ঘটনায় চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম। গতকাল দুপুরে এ রায় দেয়া হয়। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন খোকসা উপজেলার খোকসা মাঠপাড়া এলাকার আলী শেখের ছেলে ফারুক হোসেন, কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ও একই অফিসের নকলনবিশ সাইদুল ইসলাম, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ এবং কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মশিউল আলম।

একই সময়ে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন ডাবলুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় নূর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে আসামিরা। কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে চাকরির আগে তিনি জেলার খোকসা, মিরপুর ও কুমারখালী সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। সে সময় আসামিদের সঙ্গে তার পরিচয় হয়। তাদের সঙ্গে তিনি নানা ধরনের লেনদেন করতেন। লেনদেনের সূত্র ধরে আসামিদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে আসামিরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। হত্যাকাণ্ডের পরের দিন ৯ অক্টোবর নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।