বণিক বার্তায় সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের সেই অন্ধ শিল্পী গোলাপ মিয়া পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। গতকাল দুপুরে অন্ধ শিল্পী গোলাপ মিয়ার হাতে এ ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ ১০ হাজার টাকা, পরিবারের জন্য ঈদের কাপড় ও খাদ্যসামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদ ইকবাল চৌধুরী, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ প্রমুখ।
অন্ধ শিল্পী গোলাপ মিয়া বলেন, পুরো রমজান মাসটা খুব কষ্টে খেয়ে না খেয়ে কেটেছে। বণিক বার্তার সংবাদ প্রকাশের পর মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ডিসি স্যারের মাধ্যমে পেয়েছি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বণিক বার্তায় প্রকাশিত ‘ভিক্ষাবৃত্তিতে নেমেছেন অন্ধ শিল্পী গোলাপ মিয়া’
শিরোনামের সংবাদ সোমবার নজরে আসার পর তাত্ক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে অন্ধ শিল্পীর খোঁজখবর নেন। গোলাপ মিয়ার বাড়িতে খবর দিয়ে গতকাল দুপুরে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ১০ হাজার টাকা, পরিবারের জন্য ঈদের কাপড় ও খাদ্যসামগ্রী দিয়েছি। বণিক বার্তায় সংবাদ প্রকাশ না করলে হয়তো বিষয়টি জানতাম না। এজন্য বণিক বার্তা পরিবারকে তিনি ধন্যবাদ জানান।










