নিখোঁজের চার দিন পর প্রতিবেশীর বাথরুম থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়াল পাড়ার এক বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সোমবার শিশুটির বাবা ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকে নিখোঁজ শিশুর প্রতিবেশী এক কিশোরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক কিশোর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

তার দেয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের চার দিন পর গতকাল রাতে ওই কিশোরের বাড়িতে নির্মাণাধীন একটি বাথরুমের মেঝে খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শিশুটিকে কী কারণে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।