মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারের এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। আজ বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬-৪৭ পিলারের অদূরে মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার খবরটি নিশ্চিত করেছেন।
নুরুল আবছার বণিক বার্তাকে বলেন, আহত মো. বেলাল হোসেন (৩২) কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমানায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬-৪৭ পিলারের মাঝামাঝি স্থান থেকে মিয়ানমারের অংশে প্রবেশ করেন। সেখানে পেতে রাখা মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
তবে তিনি কেন সেখানে প্রবেশ করেছিলেন তা জানা যায়নি।
কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান জানান, আহত বেলাল একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, যে মাইন বিস্ফোরণে বেলাল আহত হয়েছেন তা বাংলাদেশের ভুখণ্ডে ঘটেনি। ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে।










