স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয় এটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এ কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। গতকাল দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, যুগ্ম সচিব আবুল ফজল মীর বাদল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ফজলুল হক পিপি, ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।