বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজে অভিযান চালাতে গিয়ে অধ্যক্ষসহ অন্যদের বাধার মুখে পড়েছে দুদক টিম। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। হাসপাতাল ও কলেজে চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন না করা, ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে বেশি ব্যস্ত থাকাসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ সময় দুদক টিমকে দেখে নেয়ার হুমকি দেন কলেজ অধ্যক্ষ।
গতকাল সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে পাঁচজনের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতাও পায় দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, দুদকের টিম আসার খবর পেয়ে তড়িঘড়ি করে কার্যালয়ে আসেন কলেজ অধ্যক্ষ। দুদক টিম অধ্যক্ষের কাছে চিকিৎসকদের এক সপ্তাহের বায়োমেট্রিক হাজিরার তালিকা দেখতে চান। তবে এ তালিকা দিতে অস্বীকার করেন অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন। এ নিয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।










