সিলেট ও পার্শ্ববর্তী বিভাগের হাওর বেসিনে প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়নি বলে জানা গেছে।

সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলায়, ১৮ মিলিমিটার।

আজ সকাল ৯টা পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের চারটি জেলার ছয়টি নদীর সাতটি স্টেশন বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপরে বইছে কুশিয়ারা নদী। সুনামগঞ্জের জগন্নাথপুর পয়েন্টে নলজুর নদী বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে রয়েছে।

নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইল পয়েন্টে ভুগাই-কংস নদী ১১০ সেন্টিমিটার, কলমাকান্দায় সোমেশ্বরী নদী ৮১, নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে মগরা নদী যথাক্রমে ৭৭ ও ২৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে হবিগঞ্জ জেলার সুতাং রেল-ব্রিজ পয়েন্টে ৩৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে সুতাং নদী।

সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদ-নদীর পানির সমতল প্রতি ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে বাড়ছে বলে পর্যবেক্ষণে জানা গেছে।

চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না থাকলেও উজান থেকে পানি প্রবাহ এবং স্থানীয় বৃষ্টির প্রভাবে হাওর এলাকায় পানির চাপ অব্যাহত রয়েছে, ফলে নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।