ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুজন ঘরামী হত্যাকারীদের বিচার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজাপুর-কাঁঠালিয়া সড়কের কচুয়া বাজার ভূমি অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তার সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, সমাজসেবক মো. মনিরুল ইসলাম রুঙ্গু, শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, শিক্ষক শামিম আহম্মেদ, মো. মনিরুজ্জামান, শিক্ষার্থী নুসরাত জাহান তাসনুবা, মারিয়া আক্তার, ফারজানা আক্তার, সাকিবা আক্তার, ইয়াতির বিন আমিরুল, মুহিত হোসেন বাপ্পা, রিয়াদুল, মিরাজ, সমাজসেবক মো. মোশাররফ হোসেন, মো.
সফিকুল ইসলাম আশ্রাব খান, তোফাজ্জেল খলিফা প্রমুখ।
গত ৭ মার্চ সকালে উপজেলার তারাবুনিয়া বাজারে সোহরাফ হোসেনের চায়ের দোকানের সামনে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী জাকির মৃধা ও তার লোকজনের হামলায় একই গ্রামের আ. মালেক ঘরামীর ছেলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী নিহত হন।










