গেল ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। গেল বছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ২৫ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকার তা অর্জনে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জিডিপি প্রবৃদ্ধির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে ৬ দশমিক ৮ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার।
প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ, ২০২৩-২৪ সালে এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে এ হার সাময়িকভাবে ৩ দশমিক ৯৭ শতাংশ থাকলেও চূড়ান্ত হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ।
সর্বশেষ এ প্রাক্কলন গত তিন বছর ধরে প্রবৃদ্ধির ধারাবাহিক মন্দাভাবেরই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির চরম সময়ে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৪৫ শতাংশে নেমে এসেছিল।
প্রতিবেদনে বিনিয়োগ কমার তথ্যও উঠে এসেছে। এতে বলা হয়েছে, গেল ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৪ শতাংশে। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩০ দশমিক ৭০ শতাংশ। একইসঙ্গে কমেছে দেশজ ও জাতীয় সঞ্চয়।
সব খাতে প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বাড়ার তথ্য দিয়েছে বিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। যা গেল অর্থবছরে দাঁড়ায় ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকায়।










