ডিবি হেফাজতে থাকা এক ফ্রিল্যান্সারের কাছ থেকে ৩ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি ও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ায় চট্টগ্রামে ডিবির ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারির ওই ঘটনায় বুধবার রাতে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। তদন্ত কমিটির ফলাফলের ভিত্তিতে বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জানান তিনি। 

সিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ওই ছয় সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, এএসআই বাবুল মিয়া, মইনুল হোসেন, শাহ পরান জান্নাত, কনস্টেবল জাহিদুর রহমান ও আবদুর রহমান। স্পিনা রানী প্রামাণিক জানান, অর্থসংক্রান্ত অপরাধে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিএমপির গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ জোন) একটি দল বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আবু বক্কর ছিদ্দিকী ও ফয়জুল আমিন নামের দুজনকে গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে ছাড়া পেয়ে আবু বক্কর ছিদ্দিকী অভিযোগ করেন, তাকে আটকের পর মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল। সেখানে তার মোবাইলের ফাইন্যান্স অ্যাপ ব্যবহার করে ২ লাখ ৭৭ হাজার ডলারের ক্রিপ্টোকারেন্সি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা সরিয়ে ফেলা হয়। 

এ নিয়ে ১ মার্চ ফ্রিল্যান্সারকে মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে।