নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। মাইক্রোবাসের চালক ছাড়া নিহত বাকি দুজন কোন গাড়ির যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।










